Home জাতীয় ভারত বাংলাদেশের বন্ধু নয়, চরম শত্রু রাষ্ট্র: বাবুনগরী

ভারত বাংলাদেশের বন্ধু নয়, চরম শত্রু রাষ্ট্র: বাবুনগরী

0
114

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদ্রাসা শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধু নয়, চরম শত্রু রাষ্ট্র। এ দেশ ভারতের ইশারা-ইঙ্গিতে নয়, স্বাধীনতার ভিত্তিতে চলবে। এ দেশকে ভারতের সনদে চলতে দিব না। প্রয়োজনে এ দেশের স্বাধীনতা রক্ষার জন্য জিহাদ করব।

 

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে হাটহাজারী উপজেলা হেফাজতের ব্যবস্থাপনায় হাটহাজারী ডাকবাংলো চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

 

শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা শোয়াইব জমিরীর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বাবুনগরী বলেন, ‘আমরা আপনার শত্রু নই। আপনার শত্রু আপনার ঘাড়ে বসে আছেন। যারা কোনো ধর্ম মানে না, যারা নাস্তিক তারাই ইসলামের শত্রু। তারাই আপনার শত্রু।’

 

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী কেউ আলেম নয়। কোনো পীর আউলিয়া তাকে হত্যা করেনি। তাকে হত্যা করেছে তার আশপাশে থাকা লোকজন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব, আপনি আপনার শত্রুকে চিনে নিন।’

 

ডাকবাংলো চত্বরের সামনে সমাবেশে বাবুনগরী বলেন, ‘সরকার আমার নামে অনেক মামলা দিয়েছে। আরও মামলা দিতে পারে। আমি জেলে গিয়েছি। তাই আমি জেলখানায় যেতে ভয় পাই না। যে কোনো মুহূর্তে জেলখানায় যেতে আমি প্রস্তুত আছি।’

 

গত সপ্তাহে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হেফাজত কর্মীদের বেপরোয়া হামলার পর পুলিশের সংঘর্ষে গুলিতে নিহতরা সংগঠনের কর্মী জানিয়ে বাবুনগরী বলেন, ‘যেসব হেফাজতের নেতাকর্মী শহিদ হয়েছেন, তাদের ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। ছাত্রলীগ, পুলিশের হামলায় হেফাজতের যেসব নেতাকর্মী আহত হয়েছেন তাদের সুচিকিৎসা দায়িত্ব সরকারকে নিতে হবে।’

 

হেফাজতের তাণ্ডবের পর যে মামলা করা হয়েছে, সেগুলোকে মিথ্যা উল্লেখ করে বাবুনগরী বলেন, ‘সেগুলো প্রত্যাহার করে নিতে হবে। পাশাপাশি যেসব হেফাজত নেতা-কর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে। নয়তো হেফাজতে ইসলাম বাংলাদেশ আন্দোলনে নামতে বাধ্য হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here