হত্যা মামলায় মহানগর যুব সংহতির সভাপতি শাহিন কারাগারে

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরে হত্যা মামলায় মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

বুধবার দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক ফজলে এলাহি খান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ১১ জুলাই রাত পৌনে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জাহিদুন নবী সোহেল নামে এক ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী যুবক খুন হন।

 

এ ঘটনায় পরদিন তার মা হাসিনা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়।

 

তদন্ত শেষে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আলতাব হোসেন। মামলায় শাহিন হোসেন জাকির ১০ নম্বর আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *