নজর২৪, ঢাকা- করোনা সংক্রমণরোধে অর্ধেক জনবল দিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনায় কড়া নির্দেশনা দিয়েছে সরকার। যদিও অর্ধেক জনবল দিয়ে পোশাক কারখানা চালানো সম্ভব নয় বলেই মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।
মন্ত্রী জানান, বাইরে বহু মানুষ মাস্ক ছাড়া ঘোরাঘুরি করলেও পোশাক কারখানার শ্রমিকদের সবাই মাস্ক পরেই কাজ করেন। সুতরাং অর্থনীতি স্বাভাবিক রাখতে স্বাস্থ্যবিধি মেনেই কার্যক্রম চালাতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় করোনা সংক্রমণের শুরুর দিকে অনভিজ্ঞতায় ভুগতে হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার এখন অনেক অভিজ্ঞ।
বুধবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরখানে দুটি পোশাক কারখানার কার্যক্রম উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক-নির্দেশনা এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা সফলভাবে পরিস্থিতি মোকাবিলা করছি। কল-কারখানার সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে কাজ করছে।
টিপু মুনশি বলেন, আমাদের তৈরি পোশাক কারখানাগুলো বিশ্বমানের। নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে শ্রমিকরা কাজ করছেন। দেশে একের পর এক আধুনিক ফ্যাক্টরি গড়ে উঠছে। শ্রমিকরা উপযুক্ত বেতন পাচ্ছেন। শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে ফ্যক্টরিতে কাজ চলছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে হবে। দেশবন্ধু গ্রুপ সে কাজটিই করছে। শিল্পকারখানা গড়ে উঠার কারণে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং দেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে।
