জামিন স্থগিত, আপাতত মুক্তি পাচ্ছেন না ইরফান সেলিম

নজর২৪, ঢাকা- রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। এতে আপাতত তিনি মুক্তি পাবেন না বলে মনে করছেন আইনজীবীরা।

 

চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালত রোববার এ আদেশ দেয়। ইরফানের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

 

জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ বলে ১৮ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ জামিন দিয়েছিল ইরফানকে। পরে রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে।

 

সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।

 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ইরফানের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ।

 

উল্লেখ্য, গত বছরের ২৬ অক্টোবর ভোরে ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম (৩৭), তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ (৩৫), হাজী সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু (৪৫), গাড়িচালক মিজানুর রহমানসহ (৩০) অজ্ঞাতপরিচয়ের দুই তিনজনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *