নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের করতোয়া নদীতে ড্রেজার দিয়ে নদী খননের সময় একটি কামানের গোলা পাওয়া যায়।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় পৌরসভার নিমনগড় এলাকায় এই গোলাটি উদ্ধার করে পুলিশ। পরে কামানের গোলাটির চারপাশ লাল নিশান টানিয়ে দুরত্ব তৈরী করে এবং স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ বৃহস্পতিবার পৌরসভার নিমনগড় এলাকায় ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী খননের সময় বালি পাথরের সাথে উঠে আসে এই কামানের গোলাটি। এ সময় ওই এলাকার ইজিবাইক মো. খোকন ড্রেজার মেশিনের পাইপের মুখে জিআই তারের নেট লাগিয়ে পাথর সংগ্রহ করছিলেন।
পরে তিনি লোহা সদৃশ্য বস্তু মনে করে বাড়িতে নিয়ে যান গোলাটি। গত ৯ দিন ধরে তার বাড়িতেই সংগৃহিত ছিলো সেটি। পরে শনিবার (২৭ মার্চ) বিকেলে পানি দিয়ে ধুঁয়ে পরিষ্কার করার সময় আঘাত পেয়ে ওই গোলা থেকে ধোঁয়া বের হতে থাকে।
এ সময় ওই ব্যক্তি দ্রুত গোলাটি বাড়ির পাশের ফাঁকা স্থানে রেখে আসে। গোলাটি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। প্রায় ১০ থেকে ১২ ইঞ্চির গোলাটির গায়ে ইংরেজিতে লেখা রয়েছে এলএওয়াই-২-১-৪৫।
এদিকে পাক ভারত যুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের সময় এই গোলা ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা স্থানটির চারপাশে লাল কাপড় টানিয়ে দিয়েছি যেন মানুষ কাছে না যায়। এছাড়া রংপুর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে বস্তুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারবে। পরে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ তারাই গ্রহণ করবেন।
