রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ, ১০টি গাড়ি ভাঙচুর

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে শুক্রবারের (২৬ মার্চ) বিক্ষোভে পুলিশ-হেফাজত সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল।

 

শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে ল্যাবএইডের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে এলিফ্যান্ট রোডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা সাইন্সল্যাব মোড়ে এসে ১০টি গাড়ি ভাঙচুর করে।

 

মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির, সহসভাপতি মোক্তাদির হোসেন তরু, ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক সাফায়েত রাব্বি আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহবায়ক আকতার এবং সদস্য সচিব আমান উল্লাহ প্রমুখ।

 

এর আগে মোদিবিরোধী আন্দোলনে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ৫ জন নিহত এবং অসংখ্য মানুষকে আহত হয়েছে উল্লেখ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার (২৬ মার্চ) রাতে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা দিবসের মতো উৎসব ও আনন্দের দিনে যেখানে রাজপথে ফুল ছিটানোর কথা, সেখানে রাজপথে রক্ত ঝরানো হলো। এই নির্মম ঘটনার নিন্দা জানানোর ভাষা জানা নেই। স্বাধীন দেশে যেকোনো কর্মসূচি পালন করার বা যেকোনো বিষয়ে স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার সকল নাগরিকের আছে। কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুহূর্তে বলতে হচ্ছে স্বাধীন দেশে জনগণ আজ পরাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *