নজর২৪, ঢাকা- জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম। সংগঠনের নেতাকর্মী নিহতের ঘটনায় ও হরতালের সমর্থনে শনিবার (২৭ মার্চ) দুপুরে বিক্ষোভ সমাবেশ করে হেফাজত।
এসময় বিক্ষোভে মোদি বিরোধী স্লোগান দেয় হেফাজতের কর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে হরতাল পালনের আহ্বান জানানো হয়। তবে আজ তাদের কর্মসূচিতে বাধা দেয়নি পুলিশ।
শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। সেখানে হেফাজতের প্রায় এক হাজার নেতাকর্মী জড়ো হন।
ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেন, মসজিদে ঢুকে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। হেলমেট বাহিনী মহড়া দিয়ে আতঙ্ক তৈরি করেছে। রাজপথে নেমে এলে হেলমেট বাহিনী পালানোর পথ পাবে না। হেলমেট বাহিনীকে আশ্রয় দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, ‘আগামীকাল মাঠে থাকব। গাড়ির চাকা ঘুরবে না। অফিস–আদালত বন্ধ থাকবে।’
বিক্ষোভ কর্মসূচির সভাপতি হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই পল্টন, গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকায় প্রধান সড়ক ও অলিগলিতে সতর্ক অবস্থান নেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। যাঁরা এসব এলাকায় এসেছেন, তাঁদের তল্লাশি করা হয়। কর্মসূচির সময় মসজিদের চারপাশে থাকলেও ফটকের সামনে ছিল না পুলিশ।
