Home দেশের খবর চট্টগ্রাম কক্সবাজারের সংরক্ষিত বনে গুলিবিদ্ধ হাতির মরদেহ উদ্ধার

কক্সবাজারের সংরক্ষিত বনে গুলিবিদ্ধ হাতির মরদেহ উদ্ধার

0
88

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের পূর্ণগ্রাম বনবিটস্থ গামারি ঘোনা ঝিরি এলাকা থেকে গুলিবিদ্ধ একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

গত ৫ দিন ধরে ওই এলাকায় মৃত অবস্থায় হাতিটি পড়ে ছিল। মঙ্গলবার (২৩ মার্চ) হাতিটিকে উদ্ধার করা হয়।

 

স্থানীয় কয়েকজন চাষি জানান, ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের পূর্ণগ্রাম বনবিটের ভিতরে প্রতিদিন হাতির পাল বিচরণ করে। গত বৃহস্পতিবার থেকে গামারি ঘোনা ঝিরি এলাকায় একটি হাতি পড়ে থাকতে দেখা যায়। হাতিটির শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।

 

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু জানান, কক্সবাজারের বিভিন্ন বনাঞ্চলে গত দুয়েক বছর ধরে অস্বাভাবিকভাবে হাতির মৃত্যু হচ্ছে। পরিকল্পিতভাবে অনেকে হাতি হত্যা করছে।

 

অনেকে তারের মধ্যেমে সংযোগ দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে, অনেকে গুলি করে, আবার অনেকে ফাঁদ দিয়ে হাতি হত্যা করছে। এই হাতিটিকে গুলি করে হত্যা করেছে একটি সিন্ডিকেট। চক্রটি বনের ভিতরে গিয়ে হাতিটিকে গুলি করে। দাঁত সংগ্রহের জন্য শিকারিরা হাতিটিকে গুলি করতে পারে বলে তিনি ধারণা করেছেন।

 

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কালাপাড়া গ্রামের বাবুল (৩৫) ও আরাফাতুল ইসলাম প্রকাশ সোনামিয়া (৩০) হাতিটিকে গুলি করতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। কারণ এর আগে আরও একটি হাতি হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

 

কক্সবাজার উত্তর বনবিভাগের ভোমরিয়া ঘোনা ও ফুলছড়ি রেঞ্জ যৌথভাবে সোমবার (২২ মার্চ) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলছেন, হাতিটিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে।

 

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানান, মৃত হাতিটিকে উদ্ধার করা হয়েছে। গায়ে গুলির দাগ রয়েছে। আমরা অভিযুক্তদের শনাক্ত করছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here