মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে এক বেসরকারি ক্লিনিকের দারোয়ানের ছুরিকাঘাতে আলিমুল মোল্লা (৩২) নামের এক পরিচ্ছন্নকর্মীকে খুন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটের সময় উপজেলার যমুনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (প্রাঃ) ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পৌরসভার ২ নং ওয়ার্ডের বাইমহাটি গ্রামের সেলিম মোল্লার ছেলে আলিমুল মোল্লা (৩২)। সে মির্জাপুর পৌরসভার একজন পরিচ্ছন্নকর্মী ছিলেন বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর মো. সুমন হক।
স্থানীয়রা জানান, বেলা ১১টার সময় ময়মনসিংহ জেলার স্বামী-স্ত্রী দুজনে মিলে পাকা রাস্তার উপরে ঝগড়া করছিলো। দূর থেকে দেখতে পেয়ে আলিমুলসহ বেশকিছু লোকজন তাদের ঝগড়া থামাতে যায়।
সে সময় বাইমহাটি পশ্চিমপাড়া গ্রামের আমান উল্লাহর ছেলে সাব্বির (৩৫) মির্জাপুর যমুনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (প্রাঃ) ক্লিনিকের দারোয়ান ডিউটিরত অবস্থায় ঘটনাস্থল গেলে আলিমুলের সাথে কথা কাটা কাটি হয়।
হঠাৎ করে সাব্বির দৌঁড়ে গিয়ে চায়ের দোকান থেকে একটি ধারালো ছুরি নিয়ে আলিমুলের পেটে মেরে দৌড়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী আলিমুলকে গুরুতর অবস্থায় যমুনা ক্লিনিকে নিয়ে গেলে সেখানে তাকে ভর্তি না করে, কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬জন ডাক্তার প্রাথমিকভাবে চিকিৎসা করার পর তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে।
ঢাকা নেয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দেওহাটা এলাকায় পৌছালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার এসআই মো. নুরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যমুনা ক্লিনিকের দারোয়ান সাব্বির আলিমুল নামের পরিচ্ছন্নকর্মীকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানতে পেরেছি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমরা সাব্বিরকে গ্রেপ্তারের চেষ্টা করছি।
