নজর২৪, ঢাকা- সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাম্বলম্বীদের বাড়িঘরে হামলার মূল পরিকল্পনাকারী বিএনপি, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যেকোনো ঘটনা ঘটলেই জামায়াত, শিবির অথবা বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে আমাদের প্রশ্ন, শাল্লার হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ধরা পড়ে কেন?’
মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় দলীয় নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে এক দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ প্রশ্ন করেন।
গয়েশ্বর বলেন, রামু, নাসিরনগরসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার যত ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। সুনামগঞ্জের শাল্লায় হামলায়ও আওয়ামী লীগ জড়িত। তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি যুবলীগ নেতা।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো দিনক্ষণ নির্ধারণ না করে প্রতি মুহূর্তে আমাদের আন্দোলন করতে হবে। সরকারকে বিদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই। আর সেই লড়াইয়ে আমাদের বিজয়ী হতে হবে।
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসাকে কেন্দ্র করে প্রতিবাদে ঢাকায় নানা কর্মসূচি প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সম্প্রতি বায়তুল মোকাররম এলাকায় একদল লোক স্লোগান দিয়েছে ‘আমরা হব তালেবান, বাংলা হবে আফগান’। এই তালেবান শব্দটা সারা বিশ্বের মধ্যে আতঙ্ক। পশ্চিমা বিশ্বকে শেখ হাসিনা বলবে, দেখ আমি খারাপ কিন্তু অন্যদের চেয়ে ভালো। আমি না আসলে বিএনপি ক্ষমতায় আসবে। তাহলে আওয়ামী লীগ কী শান্তি?
বাংলাদেশের জন্মদিন অর্থাৎ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের মালিক জনগণ। সেই জনগণকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের এখন একমাত্র পুঁজি হচ্ছে শেখ মুজিবুর রহমান। মনে হচ্ছে আওয়ামী লীগের টিকা হচ্ছে শেখ মুজিব। এছাড়া এই দলটির বেঁচে থাকার কোনো সুযোগ নেই।
দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিরাজ করছে। অথচ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ নেই, তারা ব্যর্থ।
