সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নসিমনের ধাক্কায় মোমিন হোসেন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার ২০ মার্চ সকাল ৯টায় উপজেলার রক্তদহ বিলের বেইলি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিন হোসেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মোমিন মোটরসাইকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। রক্তদহ বিলের কদমা মৎস্য খামারের কাছে বেইলি ব্রিজের সামনের মোড়ে নসিমনের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি।
এসময় নসিমনের চালক জিল্লুর ও হেলপার আনোয়ারও আহত হন। মোমিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় এই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
