রংপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি !

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: বেতপট্রির কালেক্টরেট শপিং কমপ্লেক্সের দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে একটি দোকানের মালিকের দাবি, খোয়া গেছে ৬১ ভরি স্বর্ণ, ১০৫ ভরি রুপা ও ৫০ হাজার টাকা।

 

বেতপট্রির কালেক্টরেট শপিং কমপ্লেক্সের স্মৃতি জুয়েলার্স ও মডার্ন জুয়েলার্স নামের দোকান দুটিতে শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। তবে কি পরিমাণ মালামাল চুরি গেছে, তা নিশ্চিত করেনি পুলিশ।

 

স্মৃতি জুয়েলার্সের মালিক বাদশা মিয়া বলেন, বৃহস্পতিবার আমরা দোকান করে সবাই রাতে যে যার মতো বাসায় যাই। শনিবার সকাল পৌনে দশটার দিকে দোকান খুলতে যায় কর্মচারী আব্দুর রহমান। আমি পাশের দোকানে চা খাচ্ছিলাম।

 

দোকান খুলেই আব্দুর রহমান দেখে সব জিনিসপত্র এলোমেলো পড়ে আছে, ভল্ট আর ক্যাশ ছিল ভাঙা। ওর চিৎকার শুনে গিয়ে দেখি সবকিছুই নিয়ে গেছে, আমার সব সম্বল শেষ আমি এখন কী করে খাব। বাদশার দাবি, দোকান থেকে ৬১ ভরি স্বর্ণ, ১০৫ ভরি রুপা ও ৫০ হাজার টাকা খোয়া গেছে।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্মৃতি জুয়েলার্সের পাশেই রিয়াজ স্টিল নামে আরেকটি দোকান আছে। ওই দোকানের ওপরের টিন কাটা দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখান দিয়েই চোর ভেতরে ঢুকেছে। এরপর ওয়াল ভেঙে স্মৃতি জুয়েলার্সে ঢোকে। আবার স্মৃতি জুয়েলার্সের ওয়াল ভেঙে ঢোকে পাশের মডার্ন জুয়েলার্সে।

 

মডার্ন জুয়েলার্সের মালিক এনামুল হক সোহেল বলেন, প্রথমে বাদশা ভাই দোকান খুলে সব তছনছ দেখেন। সেখানে পুলিশ আসে। এরপর দেখতে পায় তার দোকানের ওয়াল ভেঙে আমার দোকানে চোর ঢুকেছে।

 

আমার সব স্বর্ণ ভল্টে ছিল, ভল্টের বাইরের তালা ভেঙেছে। আমাদের কাছে যে চাবি আছে, সেই চাবি দিয়ে ভল্ট খুলছে না। আমরা এখনও বুঝতে পারছি না, আমাদের দোকানের কিছু লুট হয়েছে কিনা।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *