নজর২৪, ফরিদপুর- ফরিদপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের ভরাডুবি ঘটেছে। বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৫ নির্বাহী সদস্যবিশিষ্ট এ কমিটির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ মোট ১০টি পদে বিএনপি সমর্থিত এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক পদ দুটিসহ আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে চারটি পদে।
কার্যকরী সদস্যের একটি পদে দুজন সমানসংখ্যক ভোট পাওয়ায় শনিবার লটারির মাধ্যমে ওই দুই সদস্যের মধ্যে থেকে একজনকে নির্বাচিত ঘোষণা করা হবে।
বিএনপিপন্থি প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন- সভাপতি পদে আবু ওমর মো. খালেদ, সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার শেখ ও মো. ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন মৃধা, অডিট সম্পাদক শেখ মতিয়ার রহমান, ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. আবু নাঈম, তথ্য, প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ সম্পাদক বিজয় কুমার রায় এবং প্রচার প্রকাশনা গ্রন্থাগার নির্মল কুমার চন্দ্র দাস।
আওয়ামী লীগের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সহ-সাধারণ সম্পাদক শাহ মো. আবু জাফর, অর্থ সম্পাদক মো. ইনজামাম উল হক।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শরিফা ঠাকুর ও অসিত কুমার মজুমদার। নির্বাহী সদস্য পদে বিএনপির নির্বাচিত হয়েছেন মো. খসরুল আলম ও নূরুল ইসলাম।
নির্বাহী সদস্য পদে বিএনপির এএইচএম ইসহাক ও আওয়ামী লীগের একেএম আনোয়ার হোসেন সমানসংখ্যক ভোট পাওয়ায় শনিবার লটারির মাধ্যমে একজনকে নির্বাচিত করা হবে।





