বসুরহাট পৌরসভা ভবন ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ

নজর২৪ ডেস্ক- নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ১১টায় দেখা গেছে, বসুরহাট পৌরসভা ভবন ঘিরে রেখেছেন র‌্যাব ও পুলিশ সদস্যরা। ভবনে অবস্থান করছেন আবদুল কাদের মির্জা।

 

মঙ্গলবার (৯ মার্চ) রাতের সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে পুলিশ ২৮ জনকে গ্রেফতার করেছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী পৌরসভা ভবন ঘিরে রাখায় কাদের মির্জাকে গ্রেফতার করা হবে কিনা জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (১১ মার্চ) জাহিদুল হক রনিকে ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই।’

 

এর আগে বৃহস্পতিবার বিকেলে কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *