মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: একটি কুকুর মাটি আঁচড়ে বস্তার মুখ খোলার চেষ্টা করছিল। এ সময় বস্তা থেকে বিকট দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা গন্ধের কারণ অনুসন্ধান করতে এসে বস্তার ভিতর খোদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধার গলিত লাশ দেখতে পায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে শেরপুরের নকলার ধনাকুশা মধ্যপাড়া গ্রামে।
খোদেজা চার দিন আগে নিখোঁজ হন। পরে আজ ওই বৃদ্ধার নিজ বাড়ির আঙ্গিনা থেকে লাশটি উদ্ধার করা হয়। খোদেজা ওই এলাকার মৃত. আশকর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোদেজা গত ৭ মার্চ রাতে নিখোঁজ হন। পর দিন ৮ মার্চ বৃদ্ধার ছেলে খোরশেদ আলী বাদি হয়ে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এক পর্যায়ে আজ সকালে বৃদ্ধার বাড়ির উঠানে একটি কুকুর মাটি আচড়ে বস্তার মুখ খোলার চেষ্টা করছিল। এ সময় বস্তা থেকে বিকট দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা গন্ধের কারণ অনুসন্ধান করতে এসে বস্তায় খোদেজার গলিত লাশ দেখতে পায়।
পরে পুলিশ খবর পেয়ে মাটি খুড়ে গর্ত থেকে বস্তাভর্তি লাশ উদ্ধার করে। নিহতের ছেলে খোরশেদ আলী মায়ের লাশ শনাক্ত করে। লাশ উদ্ধারের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নকলা থানা পুলিশের ওসি মুশফিকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
