নজর২৪ ডেস্ক- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুলল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশের যতজন সচিব আছেন অধিকাংশের প্রশিক্ষণ হয়েছে ভারতে। ভারতে যখন প্রশিক্ষণ হয়, তখন ব্রেইনওয়াশ করা হয়। ফলে ওই সচিবেরা মনে করেন, ভারতের স্বার্থ দেখা তাদের দায়িত্ব। এখন কেবল আমাদের পতাকার রং বদলানো বাকি আছে। তাই আজকে থেকে আমাদের সোচ্চার হতে হবে। যতদিন হিন্দুত্ববাদ এবং সাম্প্রদায়িক মনোভাবে পরিবর্তন না হয়। সমস্বরে বলতে হবে, ‘মোদি তোমাকে আমরা চাই না।’ মোদি তুমি ফিরে যাও। তবে আমরা ভারতীয়দের বিরোধী না।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে আধিপত্য প্রতিরোধ আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আমন্ত্রণ প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভারত সুচিন্তিতভাবে আমাদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছে। আধিপত্যবাদ শুধু দেশের বাইরে থেকে আসে তা না, ভেতর থেকেও আসে। প্রধানমন্ত্রী দুই বছর আগে বলেছিলেন, ভারতকে সবকিছু দিয়েছি, আর কী দেবো! গায়ের রংয়ে আমরা ভারতীয়দের মতো হলেও ভারত সব সময় সাহেবদের মতো আচরণ করে। আমাদের সিকিম বানানোর ষড়যন্ত্র করছে তারা।
তিনি আরও বলেন, ‘আজকে আমাদের রাজনৈতিক জাগরণ না হলে, আমাদের কপালে খুবই দুঃখ আছে। আজকে সবাইকে একত্রিত হয়ে আমাদের মাথা উঁচু করতে হবে যেন আমরা সিকিম না হই। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার।’
ডা. জাফরুল্লাহ বলেন, ‘ভারতীয় ৫ লাখ লোক এখানে কাজ করে বিনা পাসপোর্টে। ভারতে আমাদের অনেক বড় জায়গা দিতে পারে। আমাদের আজকে আওয়াজ তুলতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আমাদের পানি সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধান না করলে আমার বুকের ওপর দিয়ে তার চলাফেরা চলবে না। দেশে সবাই আত্মবিশ্বাস হারিয়েছে। সবার মধ্যে বিশ্বাস ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না।’
