রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: মায়ের বয়স্ক ভাতা কার্ড আনতে যাওয়ার পথে শাহজাদপুরে মাটি বোঝাই ট্রাক চাপায় আমজাদ হোসেন (৩০) নামের ছেলের মৃত্যু হয়েছে। আমজাদ হোসেন চরনবীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
জানাযায়, বুধবার (১০ মার্চ) দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে ইটভাটার মাটি বোঝাই ট্রাক চাপায় আমজাদ হোসেন (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার দুপুরে ভ্যানযোগে আমজাদ তার মাকে নিয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদে বয়ষ্কভাতার কার্ড আনতে যাচ্ছিলো।
ভ্যানটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই আমজাদ হোসেন মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ নূরুন্নবী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গাড়াদহ ইউনিয়নের প্রায় ১৮টি ইটভাটার ইট তৈরির জন্য এলাকার কৃষি জমি থেকে মাটি কেটে ধ্বংস করছে এক শ্রেণীর সার্থান্নেষী মহল। এই মাটি পরিবহনের জন্য শতাধিক অনুমোদনহীন ট্রাক ও ট্রাক্টর ব্যাবহার করা হচ্ছে।
এই ট্রাক গুলোর চালকেরা খুবই অদক্ষ হওয়ার কারণে নিয়মিত দুর্ঘটনা লেগেই রয়েছে। অথচ স্থানীয় প্রশাসন বিষয়গুলো জানা সর্ত্বেও নিরব ভূমিকা পালন করছে।
