ভিসি কলিমুল্লাহর কুশপুত্তলিকা দাহ করলো ছাত্রলীগ, অবাঞ্চিত ঘোষণা

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর অনিয়ম দুর্নীতি ও ঢাকায় বসে মিথ্যাচার, শিক্ষামন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

 

বৃহস্পতিবার সন্ধায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল শেষে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় তাকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

 

দাহ শেষে বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া অতিসত্তর উপাচার্যের অনিয়ম দুর্নীতির শাস্তি দাবি করে বলেন, তার দুর্নীতির তদন্ত করায় শিক্ষামন্ত্রীসহ ইউজিসির বিরুদ্ধে ঢাকায় বসে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন।

 

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে তিনি অনিয়ম করেছেন উলটা তিনি সরকারের বিভিন্ন মহলের বিরুদ্ধে বিষাদগার করছেন। আমরা চাই অতিসত্তর তাকে বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার করা হোক।

 

বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, বর্তমান উপাচার্য দিনের দিনের পর ঢাকায় থেকে লিয়াজো অফিসের নামে অনিয়ম দুর্নীতি করে যাচ্ছেন। এর প্রতিবাদ করলেই হামলা মামলা দিয়ে যাচ্ছেন৷ আজ তিনি সরকার মহলের দিকে আঙ্গুল তুলেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার শাস্তির দাবি জানাচ্ছি। তাকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে নইলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

 

এসময় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, ছাত্রলীগ কর্মী তানভীর, বায়েজিদ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *