স্কুল-কলেজ খুলে দেওয়ার উসকানি যারা দিচ্ছে, তারা জাতির শত্রু: আমু

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, করোনা সংকটকালে যারা স্কুল-কলেজ খুলে দেওয়ার উসকানি দিচ্ছে, তারা ছাত্রসমাজের তো নয়-ই, তারা দেশ ও জাতির শত্রু।

 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

 

আমু বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সুদূরপ্রসারী নেতৃত্বের কারণে করোনা সংকট উত্তরণের পথে আজ বাংলাদেশ। সব প্রতিকূলতা উপেক্ষা করে দেশকে যখন তিনি উন্নয়ন আর অগ্রযাত্রার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছেন, স্কুল-কলেজ খুলে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে, তখনই আবার ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে, বিভিন্ন ইস্যুতে উসকানি দিচ্ছে।

 

তিনি বলেন, করোনা সংকটকালে স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য যারা উসকানি দিচ্ছে, ছাত্রসমাজের তো নয়-ই, তারা দেশ ও জাতির শত্রু। ওই ষড়যন্ত্রকারীরা দেশকে একটি ভয়াবহ মহামারির দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

 

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, পায়ের নিচে মাটি না থাকলে আন্তর্জাতিক বলয়ের সঙ্গে হাত মিলিয়ে দেশীয় ভিত কাঁপানো যায় না। আওয়ামী লীগ সরকারের শিকড় অনেক গভীরে।

 

বিএনপির উদ্দেশে আমু বলেন, তারা বলে আমরা ভারতের দালাল। অথচ ভারতে যখন নরেন্দ্র মোদি প্রথম সরকার গঠন করলেন, তারা বগল বাজিয়ে হাততালি দিতে শুরু করলেন। তারা আনন্দে নাচতে আরম্ভ করলেন। তারা ভাবলেন, এবার আওয়ামী লীগের পতন হয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় রইল। ওনারা এখনো বলে, আমরা ভারতের দালাল।

 

এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গও তুলে ধরেন আমির হোসেন আমু। তিনি বলেন, আজ যখন ট্রাম্প চলে গেলেন, বাইডেন ক্ষমতায় এলেন, তারা আবার বগল বাজাতে শুরু করলেন। তারা বলছেন, এবার আওয়ামী লীগ শেষ! কিন্তু এবারেও তাদের সেই চেতনা ভঙ্গ হবে। এখনো তারা বুঝতে পারেনি— তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, সেই তিমিরেই থাকবে।

 

‘তাই আজও যারা মনে করতে পারেন যে অমুক দেশের সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সরকার পরিবর্তন হবে, যারা মনে করেন অমুক জায়গার পতনের সঙ্গে সঙ্গে শেখ হাসিনার সরকারের পতন হবে, তারা আহাম্মকের স্বর্গে বাস করছেন। অচিরেই তাদের ঘুম ভাঙবে। অচিরেই তারা আবার বুঝতে পারবেন, তারা অনেক ভুল পদক্ষেপ নিচ্ছেন,’— বলেন আমির হোসেন আমু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *