বগুড়ায় অস্ত্র ও গুলিসহ দাদন ব্যবসায়ী গ্রেফতার

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার ভান্ডারা চারমাথা এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ আবু বক্কর সিদ্দিক শাহীন (৪২) নামে এক দাদন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহীন উপজেলার গড়ের বাড়ির আবুল হোসেনের ছেলে।

 

জানা যায়, উপজেলার ভান্ডারা চারমাথা বাজারে শাহীন সকাল-সন্ধ্যা নামে একটি সমিতি পরিচালনা করছে এবং সেই সমিতির মাধ্যমে এলাকায় সে জমজমাট দাদন ব্যবসা করে। সেই দাদন ব্যবসা করাকে কেন্দ্র করে অন্য এক দাদন ব্যবসায়ীর সাথে শাহীনের টাকা পয়সা লেনদেনের ঝামেলা হয়।

 

এর এক পর্যায়ে স্থানীয় বাজারে সেই ব্যবসায়ীর সাথে বাকবিতন্ডার সময় প্রকাশ্যে পিস্তল বের করে শাহীন। বিষয়টি প্রচার হলে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার সমিতি কার্যালয় থেকে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহীনকে গ্রেফতার করা হয়।

 

গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার সমিতি কার্যালয় থেকে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহীনকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে গাবতলী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *