রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীকে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে আয়শা খাতুন (৩০) নামের এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া পূর্বপাড়া গ্রাম থেকে আয়শা খাতুনের লাশটি উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এই ঘটনার পর থেকে নিহত আয়েশার স্বামী মোঃ মোস্তফা পলাতক রয়েছে।
নিহতের স্বজনরা জানায়, সম্প্রতি মোস্তফা অনলাইনে জুয়া খেলায় আসক্ত হন। এর জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দেয়। জুয়া খেলায় বাধা দেন আয়শা, এতে মোস্তফা ক্ষুদ্ধ হন।
তারা অভিযোগ করে বলেন, জুয়া খেলায় বাধা সৃষ্টির কারনে রবিবার দিবাগত রাতের কোন এক সময় আয়শাকে মারধর করে শ্বাসরোধে হত্যার পর তাঁর লাশ বাড়ির পেছনে একটি আমগাছে ঝুলিয়ে রাখেন মোস্তফা।
জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চুলধরি গ্রামের মেয়ে আয়েশা খাতুনের নরিনা ইউনিয়নের বাতিয়া পূর্ব পাড়া গ্রামের শাহজাহানের ছেলে মোস্তফার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে দুজন সুখে বসবাস করলেও হঠাৎই মোস্তফা অনলাইন জুয়ায় আসক্ত হন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
