জুতা পায়ে শহীদ মিনারে আ.লীগ নেতার শ্রদ্ধাঞ্জলি

নজর২৪, মুন্সিগঞ্জ- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জুতা পায়ে উঠলেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

 

উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার বেদিতে জুতা পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। এ সময় স্থানীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতাকর্মীকেও জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে দেখা গেছে।

 

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলার ওই বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

এ আয়োজনে উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্তাব্যক্তি ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ওই শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আর সেই শহীদ মিনারের বেদিতে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতার জুতা পায়ে ওঠার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় বইছে উপজেলা জুড়ে। মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

তবে এ ঘটনায় নিজের ভুল স্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

 

তিনি বলেন, ‘অজ্ঞাতসারে এমন ভুল হতে পারে। যদি শহীদের প্রতি শ্রদ্ধা না থাকতো তাহলে গভীর রাতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যেতাম না। মনের অজান্তে আমার এমন একটি ভুল নিয়ে প্রতিপক্ষ রাজনীতি শুরু করেছে।’

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেয়ার পর ছয় বা সাত নম্বরে উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলি দেয়। সেসময় অন্ধকার থাকায় হয়তো আমার দৃষ্টিগোচর হয়নি। পরে সাংবাদিকদের মাধ্যমে আমি বিষয়টি জানতে পারি। তবে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে উপজেলা প্রশাসন এ বিষয়ে আরও সর্তক থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *