নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের বোদা উপজেলায় নদীর গতিপথ বন্ধ করে বাঁধ নির্মাণ করে বালু উত্তোলন করার অপরাধে সেলিম নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করে অবৈধ ওই বাঁধ ভেঙ্গে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাটনহাড়ি টেকরাপাড়া এলাকায় উপজেলা সহাকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার রহমান করতোয়া নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, বোদা উপজেলার কাটনহাড়ি টেকরাপাড়া এলাকায় একই গ্রামের আব্দুল মজিদের ছেলে সেলিম করতোয়া নদীতে অবৈধ ভাবে বাঁধ নির্মাণ করে নদীর গতিপথ বন্ধ করে নদী থেকে বালু উত্তোলন করছিল। ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই জরিমানা আদায় করা হয়।
