খালেদার জন্য মোমবাতি জ্বালাল বিএনপি

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে।

 

নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন শুরু হয় সন্ধায়। বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী।

 

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগ তুলে সব বাধা ভেঙে তাকে মুক্ত করতে দলের নেতা-কর্মীদের আহ্বান জানান।

 

তিনি বলেন, ‘আমাদের এখন একটাই দায়িত্ব, সব ব্যারিকেড ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সেই তাকত বুকে আছে? সেই তাকত নিয়ে রাস্তায় নেমে গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে।’

 

বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের জবাবে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আন্দোলন দেখতে চান- পুলিশ রেখে রাজপথে আসেন। দেখেন, জনগণ আন্দোলন দেখাতে পারে কিনা।’

 

বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ যত অন্যায়-অবিচার দুর্নীতি করেছে- এসব অন্যায় ও ব্যবস্থাপনার বিরুদ্ধে নারী ও শিশু অধিকার ফোরাম কর্মসূচি নিয়েছে মোমবাতি প্রজ্বালন। এই মোমবাতি প্রজ্বালন শুধু মোমবাতি নয়। এটা হচ্ছে আন্দোলনের প্রতীক মশাল। এই জ্বলন্ত মশাল দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফেরত আনতে হবে। আর এই যে শেখের বেটি বসে আছে অন্যায়ভাবে, তাকে সেই আসন থেকে নামাতে হবে। এটাই হোক আজকের শপথ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *