সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নগদ অর্থ ও জিহাদি বইসহ মোহাম্মাদ কামরুজ্জামান (৪২) নামে নব্য জেএমবির এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়৷
আটক মোহাম্মাদ কামরুজ্জামান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহাজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় থাকতেন।
বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
এসময় কামরুজ্জামানের ব্যাগ তল্লাশি করে ৩ লাখ ৩৮ হাজার ৬৩১ বাংলাদেশি টাকা ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। যার মধ্যে সৌদি রিয়াল ও মালয়েশিয়ান রিংগিত রয়েছে। সেইসঙ্গে ১৬টি জিহাদি বইও উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নব্য জেএমবির বাইতুলমাল বিভাগের দায়িত্বে আছেন বলে জানিয়েছেন। দাওয়াতি কাজ ও অর্থ সংগ্রহের জন্য তিনি দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করতেন। নব্য জেএমবির কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
