ব্যালট ছিনিয়ে নেয়া সেই ৩ চেয়ারম্যানকে ছেড়ে দিলো পুলিশ

নজর২৪ ডেস্ক- ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক তিন চেয়ারম্যানসহ চারজনকে ছেড়ে দেয়া হয়েছে। কর্তব্যরত প্রিসাইডিং অফিসার তাদের বিরুদ্ধে কোনো মামলা না দেওয়ায় ছেড়ে দিয়েছে পুলিশ।

 

থানায় পুলিশের হেফাজত থেকে মুক্তরা হলেন- রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ ও ছাত্রলীগ নেতা কাউসার মিয়া।

 

আজ দুপুর ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

 

শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাদেরকে ছেড়ে দেওয়ার পর পরই চেয়ারম্যানদের সমর্থকরা তাদের গলায় ফুলের মালা দিয়ে আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার আটককৃতদের বিরুদ্ধে কোনো মামলা দেয়নি। আর তাই তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

 

আটককৃতদের বিরুদ্ধে মামলা না দেয়ার বিষয়ে মোবাইল নম্বরে গৌরীপুর সরকারি কলেজে কর্তব্যরত প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান বলেন, এখন আমি ব্যস্ত, উপজেলা পরিষদে গিয়ে কথা বলবেন বলে তিনি লাইন কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *