নন্দীগ্রাম পৌরসভার ৪১ কাউন্সিলর প্রার্থীর ৩০ জনই মাধ্যমিকের গন্ডি পেরোয়নি

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: এবারের তৃতীয় ধাপের বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ৪১ জন প্রার্থীর মধ্যে ৩০ জনই মাধ্যমিকের গন্ডি পেরোননি। ৯ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম একমাত্র এমএ পাস প্রার্থী।

 

প্রার্থীদের দেয়া হলফনামা ঘেঁটে জানা গেছে, ৪১ প্রার্থীর মধ্যে কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ১১ জন কাউন্সিলর প্রার্থী স্ব-শিক্ষিত।

 

অষ্টম শ্রেণি পাস করেছেন আটজন। এসএসসি পাস প্রার্থীর সংখ্যা ১ জন ও এইচএসসি পাস দুজন। আর বিএ অনার্স পাস মাত্র একজন, একজন ফাজিল পাশ ও বিএসএস একজন।

 

তবে সংরক্ষিত আসনে স্ব-শিক্ষিত আটজন প্রার্থী। আর অষ্টম শ্রেণি পাশ ৩ জন। এ ছাড়া এসএসসি একজন ও দাখিল পাশ দুইজন প্রার্থী।

 

১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ২ জনের মধ্যে সাঈদুল ইসলাম মিলন এইচএসসি পাস। ২ নম্বর ওয়ার্ডের তিনজন প্রাার্থীর মধ্যে কালিদাস কুমার সরকার বিএ অনার্স পাস করেছেন। অন্য দুইজন স্ব-শিক্ষিত।

 

৩ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর কেউ-ই মাধ্যমিকের গন্ডি পেরোননি। এই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের (১,২,৩) ওয়ার্ডের ছয়জন প্রার্থীর মধ্যে তিনজন অষ্টম শ্রেণি পাস ও তিনজন স্ব-শিক্ষিত।

 

৪ নম্বর ওয়ার্ডে দুইজন প্রার্থীর মধ্যে রহমত আলী অষ্টম শ্রেণি পাস ও শাহিরুল ইসলাম স্ব-শিক্ষিত। ৫ নম্বর ওয়ার্ডের চারজন প্রার্থীর মধ্যে আবদুল হাই ফাজিল পাশ। আর মোয়াজ্জেম হোসেন ও সাইফুল ইসলাম অষ্টম শ্রেণি পাশ এবং আলতাব আলী স্ব-শিক্ষিত।

 

৬ নম্বর ওয়ার্ডের চারজন প্রার্থীর মধ্যে বেলায়েত হোসেন আদর বিএসএস পাশ ও আবদুল মমিন এসএসসি পাশ। এ রাজ্জাক অষ্টম শ্রেণি পাশ ও আখতারুজ্জামান স্ব-শিক্ষিত। সংরক্ষিত মহিলা আসনের (৪,৫,৬) ওয়ার্ডের চার প্রার্থীর মধ্যে নূরুন্নাহার ও হাসনা বানু দাখিল পাশ। অন্য দুইজন স্ব-শিক্ষিত।

 

৭ নম্বর ওয়ার্ডের তিনজন প্রার্থীর কেউই মাধ্যমিকের গন্ডি পেরোননি। ৮নং ওয়ার্ডের রেজাউল করিম বকুল এসএসসি পাশ। অন্য দুইজন স্ব- শিক্ষিত। ৯ নম্বর ওয়ার্ডে তিনজন প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম এমএ পাস। আবু সাঈদ মিলন এইচএসসি ও ফজলুর রহমান স্ব-শিক্ষিত। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের চারজন প্রার্থীর একজন এসএসসি পাশ ও অন্যরা স্ব-শিক্ষিত।

 

মুনসুর হোসেন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভূট্টো বলেন, প্রথম শ্রেণির পৌরসভায় উচ্চশিক্ষিত জনপ্রতিনিধি ছাড়া শিক্ষা, স্বাস্থ্য অবকাঠামোগত উন্নয়নসহ নাগরিকসুবিধা সুনিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

 

নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুস সালাম বলেন, আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভার নির্বাচন। মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯৭৩ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৬৪৪ জন এবং মহিলা ৮ হাজার ৩২৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *