বিনোদন ডেস্ক- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে এবার প্রচারণায় নেমেছেন এক ঝাঁক অভিনয় শিল্পী। ঢাকা থেকে চট্টগ্রাম আসা এসব অভিনয় শিল্পী রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর জামালখান, কাজির দেউরি, ওয়াসা, জিইসি এলাকায় ঘুরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন।
বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে তারা সরকারদলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করেন। রেজাউল করিম চৌধুরী নিজে উপস্থিত থেকে এই প্রচারণার উদ্বোধন করেন। এরপর ট্রাকে চড়ে প্রার্থীকে নিয়ে অভিনয় শিল্পীরা ঘুরে ঘুরে প্রচারণা চালান।
প্রচারণায় অভিনয় শিল্পী অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির ও সায়মন সাদিক। এ সময় তাদেরকে ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগানে মুখরিত থাকতে দেখা যায়।
রেজাউল করিম করিমের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দুই হাত উজাড় করে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি, তা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপ-আমেরিকার রাস্তা।’
রিয়াজ বলেন, ‘চট্টগ্রামের নগরপিতা হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন যোগ্য প্রার্থী। আমরা মনে করি, রেজাউল করিম ভাইয়ের মাধ্যমে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে। তাই চট্টগ্রামবাসীর কাছে নৌকার পক্ষে ভোট চাই। নৌকা যেন চট্টগ্রাম বিজয়ী হয় এই কামনা করি।’
তিনি বলেন, ‘চট্টগ্রামে এত উন্নয়ন হয়েছে, চোখে না দেখলে বিশ্বাস হয় না। মনে হয়েছে, বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। ইউরোপ-আমেরিকার যে ধরনের রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি।’
প্রচারণায় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘নৌকা মানে উন্নয়ন। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আমরা নৌকার পক্ষে আছি, চট্টগ্রামবাসীও নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন।’
