আপনাদের মুরগির টিকা দেবে না তার নিশ্চয়তা নাইঃ ডা. জাফরুল্লাহ

নজর২৪ ডেস্ক- ভারতের দেওয়া করোনার টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপিসহ সমমনা রাজনৈতিক জোটের নেতারা। জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা বলেন, এই টিকার ওপর সাধারণ মানুষের কোনো আস্থা নেই।

 

একইসাথে বেসরকারিভাবে এই টিকা আমদানির বিরোধিতা করে সাধারণ মানুষকে আস্থাশীল করতে প্রথমে প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার আহ্বান জানান তারা।

 

স্বৈরাচার পতন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রোববার (২৪ জানুয়ারি) সকালে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে রাজনৈতিক সংগঠন নাগরিক ঐক্য।

 

এই ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ সরকারবিরোধী দল ও মতের নেতারা। অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে ছিল ভারতের দেওয়া করোনার টিকা।

 

বেসরকারিভাবে টিকা আমদানির সিদ্ধান্তের সমালোচনা করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘বেসরকারিভাবে টিকা আমদানি করলে চরম ভুল করবে সরকার। নকল ও ভেজাল চলে আসবে বাজারে। বুড়িগঙ্গার পানি কিংবা মুরগির টিকা দিয়ে দেবে না তার কোনো গ্যারান্টি আপনাদের নাই। তাই টিকা নিয়ে মানুষের সংশয় দূর করতে প্রথমেই প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

 

টিকার ওপর অনাস্থা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনা টিকায় মানুষের আস্থা নেই। মানুষের যথেষ্ট সন্দেহ আছে। টিকা নিয়ে সন্দেহ দূর করতে ইংল্যান্ডের রানি আগে টিকা নিয়েছেন। তিনি বলেন, ‘আমার প্রস্তাব, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) আপনি প্রথম টিকাটি নিন। তারপর মানুষকে বলুন ভয়ের কিছু নেই। তাহলেই মানুষের আস্থা ফিরে আসবে।’

 

করোনার প্রণোদনার টাকা নিয়ে সরকারের মূল লক্ষ্য ছিল পকেট ভর্তি করা। করোনার পরীক্ষা নিয়ে যে লুট সরকার করেছে, টিকা নিয়ে সরকার একই কাজ করছে। করোনার টিকা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। সরকারের মূল লক্ষ্যই হচ্ছে লুট করা, দুর্নীতি করা।’ তিনি বলেন, এখন প্রধান সংকট হচ্ছে, একটা অনির্বাচিত সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে জবাবদিহি ছাড়া জোর করে ক্ষমতায় আছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রকে দলীয়করণ করেছে। তিনি আরও বলেন, জনগণ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

 

জনগণের ভোটে একটা প্রতিনিধিত্বমূলক সরকার ক্ষমতায় এসে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার দেশে দরকার। ঐক্যবদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে।

 

দেশে বর্তমানে একটি প্রতিনিধিত্বমূলক সরকার দরকার বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, যারা জনগণের ভাষা বোঝে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।

 

বর্তমান সরকার সংবিধানকে নিজেদের মতো করে পরিবর্তন করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *