নজর২৪ ডেস্ক- বেসরকারি কোম্পানির মাধ্যমে সরকারের টিকা সংগ্রহের সমালোচনা করেছেন নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, ‘অক্সফোর্ড টিকা বেচে দুই ডলার ৭০ সেন্টে। দুই ডলারের টিকা বেক্সিমকো বেচবে ১৩ ডলারে। একটা টিকাতে লাভ করবে ১১ ডলার এরা কি মানুষ যারা ক্ষমতায় আছে?’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আসাদের ৫২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বেক্সিমকোর সাথে ব্যবসা হবে সরকারের। আমি এখান থেকে ঘোষণা করতে চাই, এই ব্যক্তিগত কোম্পানির মাধ্যমে ব্যবসা বন্ধ করতে হবে। টিকা নিয়ে তাদের (বেক্সিমকো) ধান্দাবাজি ব্যবসা সরকারের সাথে মিলে এটা করতে দেব না।’
তিনি বলেন, পদ্মা সেতু হয়েছে আনন্দের সংবাদ। কিন্তু প্রতিবছর একটা করে পদ্মা সেতু বিদেশে পাচার হয়ে যায়। কারণ প্রতিবছরই কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়। প্রধানমন্ত্রী বলেছিলেন বিদেশে যারা টাকা পাচার করেন, তাদের নামের তালিকা তার কাছে রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
করোনা ভ্যাকসিনের বিষয়ে তিনি বলেন, সরকার টিকা নিয়ে মিথ্যাচার করছে। ভারত থেকে উপহার হিসেবে ২০ লাখ টিকা পেয়েছে। আরও ১৫ লাখ টিকা আসছে। এ টিকা বেক্সিমকো আনছে। তারা দুই ডলারের টিকা ১৩ ডলারে বিক্রি করবে। এটি কি ডাকাতি নয়?
তিনি বলেন, জাফরুল্লাহ সাহেবের মত ব্যক্তিদের সুযোগ দেওয়া হতো, তাহলে দেশে টিকা তৈরি করা সম্ভব ছিল।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, বিএনপির নির্বাহী সদস্য জহির উদ্দীন স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আসাদের ছোট ভাই ডা. নুরুজ্জামান হক।
