মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা

নজর২৪ ডেস্ক- বেশ কিছুদিন ধরে নির্দিষ্ট দাবি দাওয়া আদায়ে দেশজুড়ে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে আসছে পলিটেকনিক শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে বিক্ষোভ মিছিল বের করে মৌলভীবাজার পলিটেকনিকের শিক্ষার্থীরা।

 

সকাল ১০টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীদের অভিযোগ, সে সময় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীরা তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় মারপিটে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে দাবি শিক্ষার্থীদের।

 

আন্দোলনকারী শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি আমাদের দাবি আদায়ের জন্য। আমরা চৌমোহনা চত্বরে অবস্থান নিয়েছিলাম। হঠাৎ করে বহিরাগত কয়েকজন এসে অতর্কিত হামলা চালায়। আমাদের ব্যানার ছিনিয়ে নেয়। তারা আমাদের বেশ কয়েকজনকে মারধর করেছেন। জুবায়ের আহমদসহ দু’জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

 

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন বলেন, ‘রাস্তা বন্ধ করে কিছু শিক্ষার্থী জনদুর্ভোগ তৈরি করছিল। আমি তাদের বলেছি তোমাদের দাবির সাথে একমত। তোমরা রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলো না। পরে তারা সেখান থেকে চলে যায়।’

 

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, মারামারি, হাতাহাতি বা ব্যনার ছিনিয়ে নেয়া এ রকম কোনো ঘটনা এখনো শুনিনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *