ভোট কেন্দ্র না ছাড়তে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিলেন মির্জা ফখরুল

নজর২৪, দিনাজপুর- নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৬ জানুয়ারির ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না। আওয়ামী লীগের ভোট লুটপাট ঠেকাতে হবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শহরের রামনগর মোড়ে পৌর নির্বাচনে ধানের শীষের প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

 

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫০ বছর আগে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। দুঃখজনক হলেও সত্য, আমরা সেটা পাইনি।

 

‘স্বাধীনতার ৫০ বছরেও আমাদের ভোটের অধিকার নিয়ে আন্দোলন করতে হচ্ছে। এখনও আমরা ভোট দিতে পারি না, আমাদের ভোট চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে’, বলেন তিনি।

 

তিনি দেশে যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে ভোটারদের মতামত প্রতিফলিত হচ্ছে না। গণতন্ত্র নেই, কথা বলার অধিকারও নেই। আপনারা বলবেন তাহলে আমরা নির্বাচনে কেন অংশ নিচ্ছ? আমি বলব, এটা আমাদের আন্দোলনেরই অংশ। আমরা দেশে গণতন্ত্র চাই, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই।

 

পরে মির্জা ফখরুল শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড, দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে নির্বাচনী পথসভায় অংশ নেন। এসময় তিনি ধানের শীষের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান।

 

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, দিনাজপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোফাজ্জল হোসেন দুলাল, খালেকুজ্জামান বাবু, হাসানুজ্জামান উজ্জ্বল, আখতারুজ্জামান জুয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *