বিয়েতে পরিবারের আপত্তি, একসঙ্গে বসে বিষপান করল প্রেমিক-প্রেমিকা

পটুয়াখালী প্রতিনিধি- পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাজিব (১৭) ও রাবেয়া (১৫) নামের দুই প্রেমিক প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত আটটার দিকে রাঙ্গাবালী থেকে ট্রলারযোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়।

 

প্রেমিক রাজিব রাঙ্গাবালীর বড় বাইজদা ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের জহির প্যাদার ছেলে। প্রেমিকা রাবেয়া একই গ্রামের রিপন হাওলাদারের মেয়ে। তার দুইজনই কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

স্থানীয়দের সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে তাদের সম্পর্ক মেনে নেবেনা বলে জানিয়ে দেয়। পরে আজ মঙ্গলবার সন্ধ্যার পর তারা দুজনেই মেয়ের বাড়ির কাছের নির্জন স্থানে বসে বিষপান করে। তারা দুজনে অজ্ঞান হয়ে পরলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়।

 

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. শাকুরুজ্জামান জানান, তাদের দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

 

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর ররহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *