সরকার পাল্টাতে বৃহত্তর গণঐক্য’র ডাক দিলেন মির্জা ফখরুল

নজর২৪ ডেস্ক- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু নির্বাচন কমিশনই নয়, সরকার পরিবর্তনে ‘বৃহত্তর গণঐক্য’ দরকার। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরানোর জন্য আন্দোলন শুরু করি।

 

সোমবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে দলের পূর্বঘোষিত মানববন্ধনে ফখরুল এই দাবি করেন।

 

বৃহত্তর গণঐক্যের ডাক দিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমাদের নিজেদের অধিকার রক্ষা করার জন্য, আমার ভোটের অধিকার রক্ষা করার জন্য, আমার বেঁচে থাকার অধিকারকে রক্ষা করবার জন্য আমরা যেন অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরানোর জন্য আন্দোলন শুরু করি।

 

মির্জা ফখরুল ইসলাম মনে করেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে, মানবাধিকার কেড়ে নেয়া হয়েছে, সংগঠন করার অধিকার কেড়ে নেয়া হয়েছে। ভিন্নভাবে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে। এটা করার জন্যই রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।’

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা এই সমাবেশের মধ্য দিয়ে পরিষ্কারভাবে জানাতে চাই যে, প্রধান নির্বাচন কমিশনসহ কমিশনারগণ আপনাদের যদি ন্যূনতম কোনো লাজ-লজ্জ্বা থাক যেটা আপনাদের নাই, আজ পর্যন্ত দেখিনি। আপনাদের এখনই পদত্যাগ করা উচিত, এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। অন্যথায় এদেশের মানুষ তারা আপনাদেরকে সরে যেতে বাধ্য করবে।”

 

জাতীয় প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির উদ্যোগে ‘পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যর্থতার’ দায়ে কমিশনারদের সবার পদত্যাগের দাবিতে এই মানববন্ধন হয়। সারাদেশে জেলা ও মহানগরেও এই কর্মসূচি হয়।

 

বিএনপি মহাসচিব বলেন, “এই সরকার অনির্বাচিত সরকার, ভোট ডাকাতির সরকার। খুব পরিস্কারভাবে বলতে চাই, এখনো সময় আছে পদত্যাগ করুন। মানে মানে চলে যান।

 

“তাহলে এদেশের মানুষের যে ইতিহাস, সেই ইতিহাসে এদেশের মানুষ অবশ্যই একদিন জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে এবং আপনাদের চলে যেতে বাধ্য করবে।”

 

দেশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ করে তারা দেশকে স্বাধীন করেছিলেন এবং লক্ষ্য ছিল, আকাঙ্ক্ষা ছিল- দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। মানুষের আকাঙ্ক্ষা ছিল এদেশের মানুষ একটা মুক্ত সমাজে বাস করবে, যার যেটা মত আছে সেটা প্রকাশ করবে এবং তার মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটা বাংলাদেশ গড়ে উঠবে যেখানে মানুষ তাদের সমস্ত কথা বলতে পারবে, তাদেরকে বিকশিত করতে পারবে।

 

“দুর্ভাগ্য আমাদের আজকে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সেই আকাঙ্ক্ষাকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে দেশে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছে। আপনাদের দেখেছেন, তাদের লোকেরা কীভাবে দুর্নীতি করছে, কীভাবে চুরি করছে। সমস্ত দেশটাতে তারা একটা লুটপাটের রাজত্ব তৈরি করে দিয়েছে” বলেন মির্জা ফখরুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *