নজর২৪ ডেস্ক: ৪র্থ দফায় পৌর নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম জামালপুর জেলার ইসলামপুরের তৃণমূলের রাজনীতি। ভোট সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা।
গণসংযোগের পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন লবিং, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু হয়েছে আওয়ামী লীগে। ইতোমধ্যে মাঠে নেমেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। পৌরসভায় ক্ষমতাসীন দলে সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি। বিরোধী দলগুলোর তেমন তৎপরতা না থাকায় নিজেরাই এখন নিজেদের প্রধান প্রতিপক্ষ।
তৃণমূলের তালিকায় নাম আনতে শুরু করেছেন লবিং-তদবির। পোস্টার-ব্যানারের পাশাপাশি অনলাইনেও চালাচ্ছেন প্রচার। অবস্থান জানান দিতে দিচ্ছেন মহড়াও। ফলে এবারের নির্বাচনেও একক প্রার্থী নিশ্চিত করাই দলের প্রধান চ্যালেঞ্জ।
তবে দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, ত্যাগী ও যোগ্য প্রার্থীদের তালিকা তৈরিসহ তৃণমূলে দেয়া হয়েছে প্রয়োজনীয় দিকনির্দেশনা। কেউ দলের সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুশিয়ারির কথাও বলছেন তারা।
এই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। পৌরসভা নির্বাচনে আমাদের দলের তৃণমূলের জনপ্রিয়, সংগঠনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এবং দায়িত্ব পালনে সক্ষম-এমন নেতাদেরই দলীয় মনোনয়ন দেয়া হবে।
যাদের বিরুদ্ধে অভিযোগ বা বিতর্ক রয়েছে, তাদের দলীয় মনোনয়ন দেয়া হবে না। এদিকে পৌরসভা নির্বাচন সামনে রেখে কাজ শুরু করেছেন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। জেলা, উপজেলা, পৌরসভাসহ তৃণমূলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। দিচ্ছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা।
অন্যদিকে, মনোনয়নপ্রত্যাশী ও স্থানীয় নেতাদের বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ইসলামপুরে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী প্রায় ১০জন। বিএনপির ১জন।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহাম্মেদ (সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ), আবদুল কাদের সেক(প্রাক্তন মেয়র), সালাউদ্দিন সাহ (সহঃ দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামী লীগ), এড রাহাত পাহ লোয়ান, অধ্যাপক খলিলুর রহমান (সাধারণ সম্পাদক উপজেলা শহর আওয়ামী লীগ), রকিবুজ্জামান লাভলু, জাহাঙ্গীর আলম (শ্রম বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ), নুর ইসলাম নুর (সাবেক উপজেলা শহর আওয়ামী লীগ) ডলি মোশাররফ, অংকন কর্মকার (সভাপতি উপজেলা শহর আওয়ামী লীগ)। বি এন পির প্রার্থী এক জন জনাব করিম ঢালী।
আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন সাহ বলেন, দলের জন্য তিনি অনেক ত্যাগ স্বিকার করেছেন এবং এখনো সক্রিয় ভাবে কাজ করছেন, দুর্দিনে দলের পাশে ছিলেন। তাই দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন এবং আশা করেন দলীয় মনোনয়ন পেলে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করবেন।
