দেশব্যাপী সশস্ত্র ক্যাডার মোতায়েন করেছে সরকার: রিজভী

নজর২৪, ঢাকা- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন নামক শব্দটি চিরতরে উচ্ছেদের পর কোনোভাবে কেউ যেন এ বিষয়ে টু শব্দ করতে না পারে সেজন্য দেশব্যাপী বিভিন্ন জনপদে সশস্ত্র আওয়ামী ক্যাডারদের মোতায়েন করেছে বর্তমান সরকার। ’

 

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, ‘বিরোধী দলের যে কেউ নির্বাচনে প্রার্থী হলেই বা তার পক্ষে কেউ প্রচারণা চালাতে গেলে তাকে জীবন হারাতে হয় কিংবা চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়। বিনাভোটে ক্ষমতায় থেকে আওয়ামী সরকার এখন বেপরোয়া। ওরা নির্বাচন ঘোষণা করবে কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন হতে দেবে না। বিরোধী দলের কেউ যদি সাহস করে নির্বাচনে নামে তাহলে তার ওপর নেমে আসে নির্মম নির্যাতনের খড়গ। ’

 

তিনি বলেন, ‘পৌর নির্বাচন কেন্দ্র করে টাঙ্গাইল জেলাধীন গোপালপুর পৌর জাতীয়তাবাদী নারী দলের সভানেত্রী ও সাবেক ৪-৫-৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর হাবিজা বেগমকে আওয়ামী সন্ত্রাসীরা কয়েকদিন আগে মোটরসাইকেল চাপা দিয়ে গুরুতর আহত করে। গতরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এ বর্বরোচিত ঘটনায় বিএনপির পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ’

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাপরাশির ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রতি আওয়ামী লীগ ছাড়া কারও কোনো আস্থা নেই।

 

রিজভী বলেন, সম্প্রতি নাগরিক সমাজের ৪২ বিশিষ্ট ব্যক্তি কেএম নূরুল হুদার ইসির সমালোচনা করেছেন। দুর্নীতির অভিযোগ এনেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি বরাবরে আবেদন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *