শাহজাদপুরে ডাকাতির মালামাল সহ ২ ডাকাত গ্রেফতার

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের আলাদা আলাদা অভিযানে ২ ডাকাতকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার, নগদ ১৪ হাজার ৫শত টাকা ও ডাকাতির কাজে ব্যাবহৃত দুইটি লোহার রড উদ্ধার করা হয়।

 

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও উপপরিদর্শক মেহেদী হাসান।

 

প্রেস ব্রিফিংয়ে আটককৃত ডাকাত সদস্য কুদ্দুস ও উদ্ধারকৃত মালামাল সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়।

 

এসময় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১১ ডিসেম্বর শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সদস্যারা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন্ নিয়ে যায়।

 

পরে শাহজাদপুর থানায় অভিযোগ দিলে তথ্য প্রযু্ক্তির সহযোগীতায়, শাহজাদপুর সার্কেলের এএসপি হাসিবুল ইসলামের দিকনির্দেশনায় ও ওসি শাহিদ মাহমুদ খানের তত্বাবধানে গত ২৩ ডিসেম্বর শাহজাদপুর থানার উপ পরিদর্শক এসআই খলিলুর রহমান, এসআই কাঞ্চন কুমার, এএসআই মেহেদী হাসান ও এএসআই মাসুদ সহ সঙ্গীয় ফোর্স কৃষকের ছদ্দবেশে উপজেলার সোনাতনী ইউনিয়নের বড় চামতার গ্রামে অভিযান চালিয়ে ছোট চামতারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো: পাশান মোল্লাকে গ্রেফতার করা হয়।

 

২৪ ডিসেম্বর তাকে শাহজাদপুর আদালতে উপস্থিত করা হলে ধৃত পাশান মোল্লা এই ডাকাতির ঘটনায় জড়িত আরো ৩ জনের নাম উল্লেখ করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

 

তার দেয়া তথ্য অনুযায়ী ২৪ ডিসেম্বর রাতে উপরে উল্লেখিত পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে সোনাতনী ইউনিয়নের বানতিয়ার চরের ট্যাংড়াপাড়া গ্রাম থেকে আলাউদ্দিনের ছেলে কুদ্দুসকে ডাকাতির মালামাল সহ গ্রেফতার করা হয়।
শাহজাদপুর সার্কেলের এএসপি হাসিবুল ইসলাম আরো জানান, আমরা আশা করছি এই ডাকাত চক্রের বাকী সদস্যদেরও খুব দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *