নিজস্ব প্রতিবেদক, নজর২৪- ভারতে কৃষি আইনের প্রতিবাদে আন্দোলরত কৃষকদের শীত থেকে রক্ষায় দুই হাজার কম্বল সহায়তা দিতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। এই ইচ্ছা পোষণ করে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে হাইকমিশনার অফিসে চিঠিটি হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
ওই চিঠিতে জাফরুল্লাহ চৌধুরী উল্লেখ করেছেন, ‘মি. বিক্রম, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট, যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। তখন এটি “বাংলাদেশের ফিল্ড হসপিটাল” নামে পরিচিত ছিল।
বাংলাশের ফিল্ড হসপিটাল তৎকালীন পূর্ব পাকিস্তান সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে অবস্থিত ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ।’
ডা. জাফরুল্লাহ চিঠিতে আরও লিখেছেন, আমরা জানতে পেরেছি, নয়া দিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেছে। ফলে ৩৭ জন কৃষক সম্প্রতি মারা গেছেন। স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরূপ নয়া দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতীদের হাতে তৈরি ২০০০ কম্বল দিতে চাই।
‘আগামী ৩০ ডিসেম্বর ২০২০, অথবা আপনার সুবিধাজনক যেকোনো তারিখে নয়া দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হবো’ বলে চিঠিতে উল্লেখ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
