বিনোদন ডেস্ক- কলকাতায় স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে কয়েক মাস থাকার পর মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় ফিরেছেন মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। জি ফাইভের ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’-এর কাজে সম্প্রতি তিনি দেশে এসেছেন বলে জানা গেছে।
এদিকে দেশে ফিরেই বাবা গায়ক ও অভিনেতা তাহসান খানের কাছে গেছে ছোট্ট আইরা তাহরিম খান। দীর্ঘদিন পর মেয়েকে পেয়ে ভীষণ খুশি তাহসান। বাবাকে কাছে পেয়ে খুনসুটিতে মেতেছে আয়রাও। এদিকে বাবা-মেয়ের খুনসুটি দেখে খুশি মিথিলা।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে বাবা-মেয়ের খুনসুটির ঝলক পাওয়া গেলো তাহসানের ইনস্টাগ্রাম পেজে। নানা রকম ফিল্টার লাগিয়ে ইংরেজিতে মজার মজার কথা বলছে ছোট্ট আয়রা। আর তাকে সমান তালে সঙ্গ দিয়েছে চলেছেন তাহসান।
সাধারণত তাহসান স্বল্প কথার মানুষ বলেই পরিচিত অনুরাগী মহলে। তবে মেয়েকে পেয়ে যেন সবটাই ওলোট-পালট। আয়রার সঙ্গে কিছু মুহূর্তের জন্য তিনিও ফিরে গেলেন শৈশবে।
বাবা-মেয়ের এই যুগলবন্দি দেখে হাসি ধরে রাখতে পারেননি মিথিলাও। তাহসানের পোস্টে হাসির ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাদের এভাবে দেখে কতটা খুশি অভিনেত্রী।
এরপরেই তাহসান লেখেন, ‘সেন্স অফ হিউমার একদম আমার মতো’। তার কথায় সহমত পোষণ করেন মিথিলাও।
তাহসান-মিথিলার এই সংক্ষিপ্ত কথোপকথন দেখে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরাও। ছোট্ট আয়রাকেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।
