নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি: বাংলাদেশ লেবার পার্টির সাবেক সভাপতি, নিউইয়র্ক বাইতুস সালাম জামে মসজিদের ইমাম, ঝালকাঠির নলছিটি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা মো. গোলাম মোস্তফা খান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত এক সপ্তাহ ধরে তিনি বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।
সোমবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বরিশাল থেকে থেকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে সুবিদপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
করোনার কারনে তিনি মার্চ মাসে নিউইয়র্ক সিটি থেকে বাংলাদেশে চলে আসেন। এর পরে নলছিটি শহরের হাইস্কুল সড়কের বাসায় বসবাস করতেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ঝালকাঠি ২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু এমপি,ঝালকঠি সাংবাদিক ক্লাব, ঝালকাঠ-নলছিটির বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
