ঘুষের ৪ লক্ষাধিক টাকাসহ দুই অডিট কর্মকর্তা হাতেনাতে আটক

নজর২৪, পিরোজপুর- পিরোজপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠান অডিট করতে আসা দু’জন অডিটরকে ৪ লাখ ১৬ হাজার নগদ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

গ্রেফতারকৃতরা হলেন শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদফতরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. শামীম হোসেন এবং এস.এ.এস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হান।

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল সোমবার (২১ ডিসেম্বর) বিকালে পিরোজপুর এলজিইডি’র গেস্ট হাউজ থেকে তাদের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।

 

দুদকের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদক এলজিইডি ভবনের গেস্ট হাউজের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই দুই কর্মকর্তাকে ঘুষের টাকাসহ আটক করা হয়। এ সময় ওই গেস্ট হাউজের কক্ষে থাকা তাদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও বিছানার নিচে রাখা এক হাজার ও ৫শ টাকার নোটের কয়েকটি বান্ডিলে রাখা ৪ লাখ ১৬ হাজার টাকা জব্দ করা হয়।

 

পিরোজপুরের বিভিন্ন প্রাথমিক শিক্ষা অফিস থেকে তারা এ ঘুষ নিয়েছেন। আটকরা অডিটের কাজ করার জন্য ওই ভবনে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলার ৭টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআইসহ প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তরে গত অর্থ বছরের ব্যয়কৃত হিসাবের অডিট করার জন্য ওই দুই কর্মকর্তা গত রোববার (২০ ডিসেম্বর) পিরোজপুরে আসেন। তারা সোমবার জেলার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ জেলার তিনটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অডিটের কাজ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *