নজর২৪ ডেস্ক: সুনামগঞ্জের শহরতলীতে এনামুল হক মুসা (৪) নামে এক শিশুকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার দায়ে স্থানীয়রা আব্দুল হালিম নামে মাদকাসক্ত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে । শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে হাছন নগর এলাকার গুজাউড়ায় এ ঘটনা ঘটে।
মুসা শহরের গুজাউড়া এলাকার নুরুল হকের ছেলে। এ ঘটনার পর স্থানীয়রা হত্যার অভিযোগ এনে আব্দুল হালিম নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে। জানা যায়, হালিমের বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলা করছিল শিশু মুসা। সেসময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আব্দুল হালিম। হঠাৎ সে শিশুটিকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে একটি বড় পাথর দিয়ে শিশু মুসার মাথায় বেশ কয়েকবার আঘাত করে। এতে মুসার মাথা এবং শরীরের বিভিন্ন অংশ থেঁৎলে যায়।
তার চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে গিয়ে হালিমকে হাতেনাতে আটক করে। তাদের ডাক চিৎকারে অন্যরা এগিয়ে গিয়ে শিশুটিকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে শিশু মুসার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মুসা দুপুরে বাড়ির সামনে খেলা করছিল। এ সময় হালিম নেশা করে রাস্তা দিয়ে যাওয়ার সময় লাথি মেরে ফুটবলের মত রাস্তার নিচে ফেলে দেয় মুসাকে। পরে একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ওই শিশুটির মাথায় রক্তক্ষরণ শুরু হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুর রহমান জানান, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। মামলা হলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
