নজর২৪, ঢাকা- ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেছেন, ক্ষমতা হারানোর ফোবিয়াতে আছে সরকার। তাদের প্রতি জনগণের যে সমর্থন ছিল সেটা এখন নেই। কাজেই তাদের বিদায়ের ঘণ্টা বেজে গেছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, মুক্তিযুদ্ধের নামধারী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিজয়ের মাসে শ্রমিক, শিক্ষক, আইনজীবীদের ওপর রাতের অন্ধকারে হামলা হয়, এটা আমাদের ৪৯ বছরের স্বাধীনতার জন্য লজ্জাজনক ঘটনা।
তিনি বলেন, রোহিঙ্গার মতো একটি আন্তর্জাতিক সমস্যাকে শুরু থেকেই সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশ কাটিয়ে তারা তাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারতের দ্বারা প্রভাবিত হয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি। না পেরে জটিল পরিস্থিতিতে এখন পড়েছে, যেখানে জাতিসংঘসহ অন্যান্য উন্নয়ন সহযোগীরা বলছে ভাসানচরে রোহিঙ্গাদের না নেয়ার জন্য। সবার মতামত উপেক্ষা করে সরকার রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে সমাধানের পথ বন্ধ করে দিচ্ছে।
এ সময় প্রেসক্লাবে শ্রমিক, শিক্ষক ও আইনজীবীদের ওপর নির্বিচারে হামলা এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান সাবেক ভিপি। দাবি মানা না হলে ছাত্র-শ্রমিক-শিক্ষক জনতাকে নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।





