স্পোর্টস ডেস্ক: অবশেষে শেষ হলো অপেক্ষার পালা, আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় আড়াই বছর পর দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘জি’ গ্রুপের দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে জুভেন্টাসকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। এর আগে গত অক্টোবরেও দুই দল একে অন্যের মুখোমুখি হয়। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত থাকার কারণে সেবার খেলতে পারেননি সিআরসেভেন।
লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বশেষ মুখোমুখি হন ২০১৮ সালের ৬ মে লা লিগার এল ক্লাসিকোতে। এরপর ইতালিয়ান সিরিআর ক্লাব জুভেন্টাসে পাড়ি জমান পর্তুগীজ তারকা। সেই সাথে ভক্তরা দীর্ঘদিন ধরেই বঞ্চিত সময়ের সেরা দুই ফুটবলারের লড়াই দেখা থেকে।
ফুটবলপ্রেমীদের মতো মেসি-রোনালদোর লড়াই দেখতে মুখিয়ে আছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান নিজেও। তার মতে, সময়ের সেরা দুই খেলোয়াড়কে একসাথে দেখা দারুণ। নেদারল্যান্ডের সাবেক এই তারকা জানালেন, দুজনেই সেরা। তাই তিনি এই দ্বৈরথ বেশ উপভোগ করবেন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসি-রোনালদোর সর্বশেষ লড়াই দেখা যায় ২০১১ সালের ৩ মে, যেটা নিষ্ফলা ড্র হয়। সেদিন গোল দিতে পারেননি দুই তারকার কেউই। সবমিলিয়ে এমএলটেন-সিআরসেভেন মুখোমুখি হন মোট ৩৫ বার। এর মধ্যে মেসির ১৬ ম্যাচের বিপরীতে রোনালদোর জয় ১০টিতে। নিজেদের এই লড়াইয়ে আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা ২২টি, যেখানে রোনালদো করেন ১৯ গোল।
তুরিনে প্রথম লেগে ২-০ গোলে জয় পায় বার্সেলোনা। দুই দলেরই নক আউট পর্ব নিশ্চিত হওয়ায় আজকের লড়াইটা মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। নিজেদের মাঠে খেলা হলেও যেখানে চাপে থাকবে বার্সা। কারণ চোটের কারণে অন্যতম সেরা কয়েকজন খেলোয়াড়কে পাচ্ছে না তারা। এর মধ্যে আনসু ফাতি, জেরার্ড পিকে, সার্জিও রবার্তো অন্যতম। আর এই সুযোগটা কাজে লাগিয়ে প্রথম লেগের প্রতিশোধ নিতে চাইবে আন্দ্রে পিরলোর শিষ্যরা।
কোম্যান বলেন, ‘মেসি-রোনালদোর মতো সময়ের সেরাদের একসাথে দেখাটা দারুণ হবে। ওরা গত ১৫ বছর ধরে বিশ্বসেরা। দুজনে ভিন্ন ধরনের খেলোয়াড়, কিন্তু গোল এবং শিরোপার জন্য ওদের লড়াইটা একই। আমি দুজনেরই প্রশংসা করি, কারণ তারা দুর্দান্ত। কে সেরা সেটা আসল কথা না। আমরা দুজনের খেলাই উপভোগ করব।’
