বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতা, আরেক ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার

নজর২৪ ডেস্ক- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক খালেদ খান রবিনকে স্থায়ী বহিষ্কার করেছে সংগঠনটি।

 

শনিবার (০৫ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মােতাবেক জানানাে যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় খালেদ খান রবিন (ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

 

এর আগে গত ২৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল খালেদ লিখেছেন, ‘‘বঙ্গবন্ধুর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধীতা করছি। একটা কথা স্পষ্ট হওয়া উচিত যে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধীতা করা আর বঙ্গবন্ধুর বিরোধীতা করা এক বিষয় না। আর এই একটি কথার জন্য যদি ছাত্রলীগের জন্য দেওয়া আমার হাজার দিনের শ্রম এক নিমিষেই শেষ হয়ে যায়, তাহলে… আলহামদুলিল্লাহ।’’

 

এদিকে একই অভিযোগে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসাইনকে বহিষ্কার করেছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *