নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শুধু গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সঙ্গে নয়; জামায়াত ছাড়া স্বাধীনতার স্বপক্ষের সব সংগঠনকে সাথে নিয়ে বৃহত্তর রাজনৈতিক দল গঠন করতে চাই।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জোনায়েদ সাকির সাথে নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে জানতে চাইলে বুধবার (২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব কথা বলেন নুর।
নুর বলেন, নতুন ধারার রাজনৈতিক দল গঠনের জন্য আমরা অনেকদিন ধরেই কাজ করছি। বেশ কয়েকটি দলের সাথে আমাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে। সম্প্রতি কয়েকটি দলকে নিয়ে আমরা একটি সমাবেশও করেছি। তবে ঐ দলগুলো নিয়েই যে আমরা জোট গঠন করছি বিষয়টি তেমন না।
নুর আরও বলেন, মানুষের অধিকার নিশ্চিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাই। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি। তাদের নিয়ে কথা বলি। আমাদের মতের সাথে মিল আছে এমন যে কোনো রাজনৈতিক দল নিয়ে জোট করতে প্রস্তুত আছি।
উল্লেখ্য, এর আগে একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর বের হয়, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর একীভূত হয়ে নতুন একটি দল বা জোট গঠনের চিন্তা করছেন। এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ‘রাষ্ট্র চিন্তা’নামে একটি সংগঠনের দায়িত্বশীলরা।
সেই সূত্র জানায়, চূড়ান্তভাবে দল করার আগে যৌথভাবে কর্মসূচি পালন করবেন তারা। ইতোমধ্যে গত ২৮ নভেম্বর জাতীয় শহীদ মিনারে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তারা একটি যৌথ সমাবেশ করেছেন। সে সমাবেশে মওলানা ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ ও রাষ্ট্র চিন্তা একসঙ্গে অংশ নেয়।
প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেতারা বলেছিলেন, পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ও রাজপথে কর্মসূচি নির্ভর এবং আরও নিরীক্ষার ভেতর দিয়ে যাবে। সেদিক থেকে সমমনা অপরাপর কোনও দল যুক্ত হলে উদ্যোগটি জোটগত রূপ নিতে পারে।
