আমি ফ্লপ নায়ক নই, ঈদে আমার সিনেমা মুক্তি দেব: কাজী মারুফ

একসময়ের ঢাকাই চলচ্চিত্রের পরিচিত নাম কাজী মারুফ। অনেক সফল বাণিজ্যিক ঢাকাই সিনেমার নির্মাতা কাজী হায়াতের পুত্র কাজী মারুফ নিয়মিত ছিলেন সিনেমায়। ২০০২ সালে বাবা কাজী হায়াতের ‘ইতিহাস’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন মারুফ। প্রথম চলচ্চিত্রেই নজরকাড়া অভিনয় করে সেরা অভিনেতা বিভাগে বাগিয়ে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারে এ পর্যন্ত ৩৩টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন মারুফ।

দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী। তবে সময়-সুযোগ পেলেই ছুটে আসেন নাড়ির টানে বাংলাদেশে। তাও খুব বেশি দিনের জন্য নয়। পরিবার ও নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে উড়াল দেন সুদূর আমেরিকায়।

গেল ১৪ মার্চ দেশে ফিরেছেন ইতিহাস’খ্যাত এই অভিনেতা। তবে এবার দেশের আশার উদ্দেশ্য শুধুমাত্র পরিবারের জন্য নয়। ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘গ্রিন কার্ড’। আর এ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন কাজী মারুফ।

তার কথায়, ‘অনেক দিন পর দেশে এলাম। অনেক কিছুর পরিবর্তন হয়েছে। দেশে আসার পর থেকে ছবিটি নিয়ে একটু ব্যস্ত আছি। এজন্য কারও সঙ্গে তেমন যোগাযোগ হচ্ছে না। চেষ্টা করছি, ঈদের আমার ভক্ত-দর্শকদের ভালো একটি ছবি উপহার দেওয়ার।’

‘গ্রিন কার্ড’ কী ঈদের জন্যই নির্মাণ করেছেন? উত্তরে কাজী মারুফ বলেন, ‘যখন থেকে ছবির কাজ শুরু করেছি, তখনই সিদ্ধান্ত নিয়েছি; এটি ঈদে মুক্তি দেব। গেল বছর ফেব্রুয়ারিতে এর শুটিং শেষ হয়েছে। আমার ভক্ত-দর্শকদের ভালো একটি কাজ উপহার দেওয়ার ভাবনা থেকেই ছবিটি করা। ইতিমধ্যেই এটি সেন্সরবোর্ডে জমা দিয়েছি। সেন্সর পেলেই ঈদে মুক্তির বিষয়ে পুরোপুরি কনফার্ম করতে পারব। বাকিটা এখন অবস্থা ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

ইতিমধ্যেই ঈদে মুক্তির তালিকায় এগিয়ে আছে ডজনখানেক সিনেমা। এর মধ্যে শাকিব খানের ‘রাজকুমার’ও আছে। এত সিনেমার ভিড়ে ‘গ্রিন কার্ড’, প্রযোগিতাটা কঠিন হয়ে যাবে না? এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, ‘ছবি নিয়ে অতীতে অনেক প্রতিযোগিতা হয়েছে। সে সময়ও আমার ছবি ঈদে এসেছে এবং সাফল্য পেয়েছে। আর আমি তো ফ্লপ নায়ক নই। ঈদে আমার অনেক ছবি হিট হয়েছে- এমন ইতিহাসও আছে। প্রতিযোগিতাকে আমি ভয় পাই না বরং লড়তে ভালো লাগে। ঈদে শাকিব খানের “রাজকুমার” আসবে, অন্যদের ছবিও আসবে। তবে “রাজকুমার”র সঙ্গে “গ্রিন কার্ড”র প্রতিযোগিতা হতে পারে। কারণ দুটি ছবিই আমেরিকায় ধারণ করা।’

‘গ্রিন কার্ড’ সিনেমার চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন মারুফ। সিনেমাটি নির্মাণে এই অভিনেতার সঙ্গে পরিচালনায় আরও ছিলেন রওশন আরা নিপা। অনলাইনে পরামর্শ দিয়েছেন মারুফের বাবা নির্মাতা কাজী হায়াৎ।

সিনেমায় মারুফের বিপরীতে অভিনয় করেছেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দ।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিশুশিল্পী কাজী আরিশা, আকাশ রহমান, রাফি আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *