একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মুক্তির মিছিলে রয়েছে তার ‘জ্যাম’, ‘গাঙচিল’ ও ‘আহারে জীবন’ সিনেমা। নতুন খবর হচ্ছে, ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। একই ঈদের মুক্তি পাবে শাকিব খানের ‘রাজকুমার’সহ বেশকিছু সিনেমা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে প্রকাশ করা হয়েছে ‘আহারে জীবন’র ফার্স্টলুক পোস্টার। সেই সঙ্গে জানানো হয়, সিনেমাটি আসছে আগামী ঈদুল ফিতরে।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা ছটকু আহমেদ জানান, ‘করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। এখানে সামাজিক টানাপোড়নের একটি ব্যতিক্রমী গল্পে আছে। সেন্সর বোর্ডে যারা সিনেমাটি দেখেছেন প্রত্যেকেই প্রসংশা করেছেন। ফেরদৌস দারুন অভিনয় করেছে। আপাতত প্রথম পোস্টার দিয়ে জানান দিলাম-ছবিটি রোজার ঈদের আসেছে। এপ্রিল মাসে যেহেতু ঈদ। তাই মার্চের মাঝামাঝি সময় থেকে আমরা পুরোপুরি প্রমোশনে যাবো।’
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিলো ২০২২ সালের অক্টোবর মাসে। শেষ হয়েছে ২০২৩ সালে ৫ মে মাসে। সম্পাদনার টেবিল পেরিয়ে ১৮ ডিসেম্বর সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
সিনেমায় ফেরদৌসের সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন পূর্ণিমা। ফেরদৌস-পূর্ণিমা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন সুচরিতা, মিশা সওদাগর, কাজী হায়াত, জয় চৌধুরী, মৌমিতা মৌ, মারুফ আকিব, সাহানুর রেবেকা, তুষার খান, অহনা আঁখিসহ আরও অনেকে।
