আগামীকাল থেকে গ্রামীণফোনে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না

প্রিপেইড গ্রাহকদের রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। আগামীকাল ১০ জানুয়ারি থেকে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে পারবেন। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী, গ্রামীণফোনের গ্রাহকরা ৩০ টাকার চেয়ে কম রিচার্জ করতে পারবেন না।

গ্রাহকদের এসএমএস দিয়ে এ তথ্য জানিয়ে দিচ্ছে গ্রামীণফোন। পাশাপাশি প্রিপেইড গ্রাহকরা তাদের মাইজিপি অ্যাপেও এই সতর্কীকরণ নোটিশ দেখতে পারছেন।

গ্রাহকদের পাঠানো এসএমএসে গ্রামীণফোন বলেছে, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারী থেকে সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ৩০ টাকা করা হবে। তবে, ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে।’

এছাড়া মাইজিপি অ্যাপে ঢুকলেও সতর্কীকরণ বিজ্ঞাপনের মাধ্যমে বলা হচ্ছে, ‘আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।’

এদিকে হঠাৎ করে রিচার্জ লিমিট বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

গ্রাহকদের ক্ষোভের কথা জানিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, হঠাৎ করে রিচার্জ লিমিট বাড়ানো ঠিক হয়নি।

তিনি বলেন, সরকারের লক্ষ্যমাত্রা হলো প্রান্তিক জনগণের কাছে টেলিকম সেবা পৌঁছে দেওয়া। প্রান্তিক জনগণ যাতে তাদের ইচ্ছামতো রিচার্জ করতে পারে সেই স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। এটা সাংঘর্ষিক। গ্রাহকদের কখনও বাধ্য করা যায় না। এটি ভোক্তা অধিকার আইন আইনের পরিপন্থি।

তিনি জানান, আগেও ২০ টাকায় ১৯ টাকা দেওয়া হতো। তখন ২০ টাকার অফারগুলো গ্রাহকেরা পায়নি। রিটেইলারদের কাছে তার প্রতিবাদ করেছিলাম।

বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু বলেন, এটা (৩০ টাকা) ঠিক না। অনেক মানুষ ১০ টাকা ২০ টাকা দিয়ে রিচার্জ করে। অনেক মানুষ ৩০ টাকা যোগাতে পারে না। এতে মানুষ রিচার্জ কম করবে। এতে রিচার্জ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।

গ্রামীণফোনের গ্রাহকরা বর্তমানে সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে পারেন। এর আগে আমল থেকেই গ্রামীণফোনে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত। এরপর ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়। এখন ২০২৪ সালে এসে এই সর্বনিম্ন রিজার্চের সীমা ফের বাড়ানো হলো।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, দেশের মোট সিম ব্যবহারকারীর সংখ্যা ১৯০.৩৬ মিলিয়ন। এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক ৮২.১৪ মিলিয়ন। এটি গত বছরের নভেম্বর মাসের হিসাব। সর্বশেষ ১৮ ডিসেম্বর ২০২৩ ওয়েবসাইট হাল-নাগাদ করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *