বাংলা শিখছেন শাকিবের মার্কিন নায়িকা, শুটিং শুরু পাবনায়

ঢাকাই সুপাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন মার্কিন মডেল-অভিনেত্রী কোর্টনি কফি। কয়েক দিন পরই শুরু হবে হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমার শুটিং।

কোর্টনির এটি প্রথম বাংলা সিনেমা। মার্কিন নাগরিক হওয়ায় বাংলা ভাষা জানতেন না এই অভিনেত্রী। কিন্তু সিনেমাটির জন্য বাংলা ভাষা শিখছেন তিনি। কোর্টনি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সাদা দেওয়ালে সাঁটানো হাতে লেখা বাংলা বর্ণমালা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি শিখছি।’

পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘কয়েক মাস ধরে বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন কোর্টনি। গত মাসে নিউ ইয়র্কে গিয়েছিলাম। কোর্টনির সঙ্গে দেখা হয়, আড্ডা হয়। তখন দেখি, তার অনেক ডেভেলপ হয়েছে। একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা ছাড়া অনলাইন টিউটরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্যও নিয়েছেন; নিয়মিত বাংলা সিনেমাও দেখছেন।’

বাংলা ভাষা শেখার জন্য অনেক পরিশ্রম করছেন কোর্টনি। তাতে মুগ্ধ নির্মাতা বলেন, ‘কোর্টনি তো আর অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারবেন না। তবে চিত্রনাট্যে যা আছে, তা ভালোভাবে আয়ত্ত করেছেন। তার সিরিয়াসনেস মুগ্ধ করার মতো।’

শুটিংয়ের জন্য ৯ ডিসেম্বর সকালে ঢাকায় আসবেন কোর্টনি। এরপর শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।

এর আগে পরিচালক হিমেল আশরাফ জানিয়েছিলেন, পাবনাতে শুরু হবে রাজকুমারের শুটিং। সেটা আগামী ১০ ডিসেম্বর। শেষ হবে আমেরিকায়। আপাতত শুটিং শুরুর প্রস্তুতি চলছে।

হিমেল আশরাফ বলেন, ‘কিছুদিন আগে আমেরিকা গিয়েছিলাম। কোর্টনি কফি মোটামুটি বাংলা শিখে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি ঢাকায় আসবেন। কিন্তু কবে আসবেন এটি এখনও চূড়ান্ত হয়নি। আরও যারা অভিনয় করবেন শুটিংয়ের আগে নাম জানানো হবে।’

এই সিনেমাতেই শাকিবের সঙ্গে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। জানা গেছে, কোর্টনি কফির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। টানা কয়েকটি ধাপ পার করে ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। কোর্টনি মার্কিন টিভি সিরিয়ালের অভিনেত্রী। অর্ধশতাধিক মার্কিন অভিনেত্রীদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে কোর্টনি কফিকে “রাজকুমার” সিনেমার জন্য চূড়ান্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *